ভার্চুয়াল টুর্নামেন্ট চালু করছে ফেসবুক গেমিং

৮ এপ্রিল, ২০২০ ১৫:০৬  
বিশ্বজুড়ে চলছে কোভিড-১৯ মহামারীর তান্ডব। ঘর বন্দিজীবন যাপনে চলছে প্রতিরক্ষার ব্যবস্থা। তাই ঘরের অলস সময় পার করতে ‘ভার্চুয়াল গেমিং টুর্নামেন্ট’ আয়োজনের নতুন একটি টুলস প্রকাশ করতে যাচ্ছে ফেসবুক। এই ফিচারটি ব্যবহার করে ভার্চুয়াল টুর্নামেন্টের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বন্ধুদের সাথে গেমিং প্রতিযোগিতায় অংশ নেয়ার পাশাপাশি লাইভ-স্ট্রিমও করা যাবে। মূলত: লাইভ ই-স্পোর্ট গেমিং ইভেন্টের জন্য এই টুলসটি তৈরি করে ফেসবুক গেমিং কর্তৃপক্ষ। কিন্তু করোনা মহামারীতে একাকীত্ব কাটাতে আগেভাগেই এটি প্রকাশের সিদ্ধন্ত নেয়া হয়েছে। মঙ্গলবার ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে, এই গেমিং টুর্নামেন্টগুলো সকলে উন্মুক্ত থাকবে। এটি সবাইকে সংযুক্ত রাখতে সহায়তা করবে। টুইচের প্রতিদ্বন্দ্বী হিসেবে ২০১৮ সালে অনলাইন গেমিং সুবিধা চালু করে ফেসবুক গেমিং। আর ২০১৪ সালে ৯৭০ মিলিয়ন ডলারের বিনিময়ে টুইচকে কিনেছিল অ্যামাজন।